মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশিত: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২
নাগরিক সংবাদ ডেস্কঃ পরিচালক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্মাতা কাজী হায়াৎ। আগামী ১৬ ডিসেম্বর তার পরিচালিত “জয় বাংলা” সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তির আগে এফডিসিতে এক সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি পরিচালক সমিতির নির্বাচনে সভাপতি পদে দাঁড়িয়েছি। পরিচালক সমিতির সদস্য কতজন আছে আমি জানি না। তবে সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই, আমার অনেক বয়স হয়ে গেছে, এখন ৭৫ বছর। এই বয়সে সাধারণত মানুষ বেঁচে থাকে না। যেভাবেই হোক আমি ভোটে দাঁড়িয়েছি। আগামী ৩০ ডিসেম্বর এই নির্বাচন। এইবার আমাকে আর অপমান করবেন না।”
কান্না করতে করতে এই পরিচালক বলেন, “শেষবারের মতো একটা সুযোগ দেবেন। যদি আপনাদের কাছে কোনো অপরাধ, ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন।”
তিনি আরও বলেন, “আমার বেঁচে থাকা অবস্থায় ‘জয় বাংলা’ নামে সিনেমাটা বানাতে পেরেছি সেটা নিয়ে অনেক গর্বিত। এটা আমার ভালোবাসার একটা সিনেমা।”
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে “জয় বাংলা” নির্মিত হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন করেছেন বাপ্পী চৌধুরী, জাহারা মিতু, শ্রাবণ শাহ, নাদের চৌধুরী, রেবেকা, রাতুলসহ অনেকেই।
কাজী হায়াৎ পরিচালিত সবশেষ সিনেমা “বীর” মুক্তি পেয়েছিল ২০২০ সালে।